Thursday, 28 May 2015

top news

নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়অবশেষে ঢাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসঙ্গী হতে আমন্ত্রণ পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই আমন্ত্রণ পেলেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমাও। তবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোনো আমন্ত্রণ পাননি বলে তাঁর সচিবালয় থেকে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জুন মাসের ৬ ও ৭ তারিখে বাংলাদেশ সফরে আসছেন।
বাংলাদেশের সঙ্গে সীমান্ত চুক্তি বাস্তবায়নের ফলে যে চার ভারতীয় রাজ্যের আন্তর্জাতিক সীমানায় বদল ঘটবে, সেই চার রাজ্যের মুখ্যমন্ত্রীকেই এই সফরে নিতে প্রধানমন্ত্রী আগ্রহী ছিলেন। মে মাসের ৮ ও ৯ তারিখে কলকাতা সফরকালীন মোদি এই বিষয়ে মমতার সঙ্গে কথাও বলেছিলেন। কিন্তু তার পর আর কথা এগোয়নি। ২৬ তারিখে প্রধানমন্ত্রীর সফর সরকারিভাবে ঘোষিত হলেও মুখ্যমন্ত্রীদের বিষয়ে কিছু জানানো হয়নি। গতকাল বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম আলোকে সে কথা জানিয়ে বলেছিলেন, প্রধানমন্ত্রী সফরে যা যা ঘোষণা করবেন সব করে দিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে তাঁকে সফরসঙ্গী হতে কেউ বলেননি।
বৃহস্পতিবার প্রথম আলোয় এই খবর বেরোনোর পর প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে মুখ্যমন্ত্রীকে যোগাযোগ করা হয়। তাঁকে বলা হয়, প্রধানমন্ত্রী চান মুখ্যমন্ত্রী যেন তাঁর সফরসঙ্গী হন। যোগাযোগের কথা মমতাও স্বীকার করেন। তিনি বলেন, ওঁরা চাইছেন, যে চুক্তিগুলো ঢাকায় সই হবে সেই সময় আমি যেন থাকি। খুব করে ধরেছেন। এত দিন আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোয় ওই সময় মমতা বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি কাজ রেখেছেন। যদিও প্রধানমন্ত্রীর একান্ত অনুরোধ তাঁর পক্ষে ফেরানো কঠিন।